ঢাকায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের এক মাস পর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন ভারতে নিযুক্ত নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বুধবার (২৯ জুলাই) বিকেল চারটার দিকে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছানোর পর ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও দুই দেশের সাধারণ স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, ভারতের সাবেক এই কেন্দ্রীয় মন্ত্রীকে গত এপ্রিলে বাংলাদেশে তাদের ১৬তম হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় ভারত সরকার। বাংলাদেশ-ভারতের বাণিজ্যিক ও কূটনৈতিক ইতিহাসের ৫৫ বছরে এই প্রথম কোনো পেশাদার কূটনীতিকের পরিবর্তে একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার করে পাঠালো দিল্লি।
নিয়োগের পর গত ৫ জুন পশ্চিমবঙ্গ থেকে স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে পৌঁছান দীনেশ ত্রিবেদী। পরবর্তীতে ২৫ জুন বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে তদানীন্তন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি তাঁর পরিচয়পত্র (লেটার অব ক্রিডেন্স) পেশ করেন।
জেএস